
এম. সামীর,সাতক্ষীরা জেলা প্রতিনিধি
২০২৬ সালের শিক্ষার্থীদের প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের বৈষম্যমূলক সিদ্ধান্ত এবং শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১২টার দিকে সাতক্ষীরা শহরের শহীদ আসিফ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ অরাজনৈতিক এই কর্মসূচির আয়োজন করেন সাধারণ শিক্ষার্থীরা। এতে সাতক্ষীরা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ সাতক্ষীরা, সাতক্ষীরা ডে-নাইট কলেজ এবং সাতক্ষীরা সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে তাদের তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে ছিল—
দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা, প্রশ্নের মান ও পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনা করা এবং বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা না করে নেওয়া সিদ্ধান্ত তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানের আহ্বান জানান।
কর্মসূচি শেষে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।