
নজরুল ইসলাম খোকন টেকনাফ, কক্সবাজার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ৪০০ টাকা।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ প্রধানঝিরি সীমান্ত এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হলে একদল চোরাকারবারি মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ইয়াবাভর্তি কার্টনগুলো ফেলে দ্রুত পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৬টি কার্টনে রাখা ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।