
নজরুল ইসলাম খোকন, টেকনাফ, কক্সবাজার
কক্সবাজারের উখিয়া সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সার পাচারের সঙ্গে জড়িত অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা গেছে, গত ৩০ জুন রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিপি-১৮ এর উত্তর-পূর্ব পাশে ফারির বিল এলাকায় অবস্থান নেয়। রাত প্রায় ১১টার দিকে কয়েকজন ব্যক্তিকে পানির স্রোত ব্যবহার করে সীমান্ত পার করে ইউরিয়া সারের বস্তা আনার চেষ্টা করতে দেখা যায়।
এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া ও চ্যালেঞ্জ করলে পাচারকারীরা সারের বস্তা ফেলে পালিয়ে যায়। তবে অভিযান চালিয়ে মো. জসিম উদ্দিন (১৯) নামে একজনকে আটক করা হয়। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার মীর কাসেমের ছেলে।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়েও অন্য কোনো অবৈধ পণ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তি ও জব্দকৃত ইউরিয়া সারের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত দিয়ে সার, জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি চোরাকারবারিদের শনাক্তকরণ এবং সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত রয়েছে।
বিজিবি বলছে, মাদক, সার ও অন্যান্য অবৈধ পণ্যের চোরাচালান রোধে সীমান্তজুড়ে তাদের কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেছে বাহিনী।