
নজরুল ইসলাম খোকন টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে ৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন সী-বীচ বিওপির সদস্যরা মেরিন ড্রাইভ সংলগ্ন তুলাতুলি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় কয়েকজন ব্যক্তি একটি কার্টন বহন করে যাওয়ার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কার্টনটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে কার্টনটি তল্লাশি করে পলিথিনে মোড়ানো ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক সিজার মূল্য ৬৬ হাজার ৫০০ টাকা।
অপরদিকে, একই দিন সকালে দমদমিয়া বিওপি চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় চট্টগ্রাম থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় ৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয় এবং এ ঘটনায় বাসের দুই যাত্রী মো. নিজাম (২০) ও রবি দাশ (৪৮)-কে আটক করা হয়। জব্দকৃত চোলাই মদের আনুমানিক সিজার মূল্য ২ হাজার ৪০০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টে তল্লাশি এবং বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত গাঁজার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া আটক দুই ব্যক্তি ও জব্দকৃত চোলাই মদ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে।