
তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা।
বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে এ আগুনের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাজারে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাথরঘাটা, বামনা ও মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে মুদি, কাপড়, হার্ডওয়্যার, ফার্মেসি ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক দোকান সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার মালামাল, নগদ অর্থ ও দোকানের সরঞ্জাম পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বরগুনার জেলা প্রশাসক মোছাম্মৎ তাছলিমা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রাথমিক আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। ৩০ জন ব্যবসায়ীকে জনপ্রতি ১৫ হাজার টাকা ও খাদ্য সহায়তা এবং আরও ২৬ জন দোকান মালিককে জনপ্রতি ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। জেলা প্রশাসক জানান, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং আরও সরকারি সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বহু বছরের সঞ্চয় মুহূর্তেই আগুনে শেষ হয়ে গেছে। তারা ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণ এবং দ্রুত সরকারি সহায়তার দাবি জানান।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে।