
বিশেষ প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর বাজারে অবস্থিত মায়ের দোয়া জান্নাত ভ্যারাইটি স্টোরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকান থেকে নগদ অর্থ ও বিভিন্ন মালামাল চুরি হওয়ায় ব্যবসায়ীর লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
দোকানের মালিক ব্যবসায়ী আবুল কালাম জানান, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল প্রায় ৮টার দিকে তিনি দোকান খুলে ভেতরে প্রবেশ করলে দেখতে পান ক্যাশ বাক্সের ড্রয়ার বাইরে টেনে বের করা হয়েছে এবং সেখানে রাখা টাকার ব্যাগটি নেই। এছাড়া দোকানের বিভিন্ন তাকে রাখা মালামালও খুঁজে পাওয়া যায়নি। দোকানের ভেতরে মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে তার বড় ভাই ও স্থানীয়দের অবহিত করেন।
তিনি আরও জানান, গত বছর সড়ক ও জনপথ (রোডস অ্যান্ড হাইওয়ে) বিভাগের উচ্ছেদ অভিযানে তার আগের দোকানটি ভেঙে ফেলা হলে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। পরে ঋণ ও ব্যাংক লোন নিয়ে নতুন করে ব্যবসা শুরু করেন। কিন্তু এবার চুরির ঘটনায় দোকান থেকে প্রায় ৮০ হাজার টাকা নগদ অর্থ এবং বিভিন্ন মালামালসহ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
আবুল কালাম বলেন, “অনেক কষ্ট করে ঋণ নিয়ে আবার ব্যবসা শুরু করেছিলাম। এই চুরির ঘটনায় আমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এতে আমার ব্যবসা আরও সংকটে পড়েছে এবং আমি নতুন করে ঋণের বোঝা বহন করতে বাধ্য হচ্ছি।”
ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।