
জেলা প্রতিনিধি, যশোর
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং কয়েকটি বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন একঝাঁক এইচএসসি পরীক্ষার্থী।
মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ বিক্ষোভে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা শিক্ষাব্যবস্থার বিভিন্ন অসঙ্গতির প্রতিবাদ জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, টানা বৈরী আবহাওয়া, বন্যা ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে চরম দুর্ভোগের শিকার হয়েছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ায় তারা মানসিক চাপ, উদ্বেগ ও ভোগান্তির মধ্যে পড়েছেন।
এ ছাড়া কয়েকটি বিষয়ের প্রশ্নপত্রে ভুল ও অসঙ্গতি থাকায় পরীক্ষার্থীরা ন্যায্য মূল্যায়ন থেকে বঞ্চিত হয়েছেন বলেও অভিযোগ করেন তারা। তাদের দাবি, প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা পরিচালনায় দায়িত্বে অবহেলার বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
শিক্ষার্থীরা আরও বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ এবং প্রশ্নপত্রে ত্রুটির দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে পরীক্ষা ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
আন্দোলনকারীরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ‘শিক্ষার্থী ঐক্য’ নামে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে তারা সংগঠিত হয়েছেন। ওই প্ল্যাটফর্মের উদ্যোগে দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে যশোরসহ দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন বলে তারা জানান।