
নিজস্ব প্রতিবেদক,
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫৬৩ পিস ইয়াবা ও ৪টি মোবাইল ফোনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেলে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি দল শ্যামনগর থানাধীন মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড পশ্চিম জোন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ৫৬৩ পিস ইয়াবা এবং মাদক কারবারে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তি ও জব্দকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে শ্যামনগর থানায় চলমান রয়েছে।
এ বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন জানান, দেশের যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা এবং মাদকের ভয়াল থাবা রোধে কোস্ট গার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।