
নিজস্ব প্রতিবেদক,
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আব্দুল হামিদ লাল্টুর নেতৃত্বে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। স্থানীয় সচেতন জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রমজাননগর ইউনিয়নের টেংরাখালী এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে মাদকদ্রব্য ও ভারত থেকে চোরাই পথে আনা বিভিন্ন পণ্যসামগ্রী মজুত ও কারবার চালিয়ে আসছে—এমন গোপন সংবাদ ছিল। এর ভিত্তিতে ইউপি সদস্য মো. আব্দুল হামিদ লাল্টুর নেতৃত্বে স্থানীয় সাধারণ মানুষ ও যুবসমাজ টেংরাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধন সামগ্রী, শাড়ি, কসমেটিকস এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জব্দকৃত মালামাল ও মাদকদ্রব্য নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে স্থানীয়রা জানান, ইউপি সদস্য লাল্টুর এমন সাহসী পদক্ষেপ এলাকার মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান তারা।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জব্দকৃত মাদক ও ভারতীয় পণ্যগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনার সাথে জড়িত মূল হোতাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।