
শাহিনুর ইসলাম-বিশেষ প্রতিনিধি:
২০২৫ শিক্ষাবর্ষে খুলনা মহানগরের ৪৬টি স্কুলের মোট ৩,২৬৯ জন শিক্ষার্থী বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এর মধ্যে ৩০টি স্কুলের ২,২৫৭ জন শিক্ষার্থীকে সরাসরি মঞ্চে এবং ১৬টি স্কুলের শিক্ষার্থীদের পুরস্কার সংশ্লিষ্ট স্কুলের সংগঠকদের হাতে তুলে দেওয়া হয়।
শুক্রবার (৭ আগস্ট) গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের অংশ হিসেবে খুলনাঞ্চলের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত ভালো বই পড়ার তাগিদ দিয়ে বলেন, কেবল পাঠ্যবইয়ের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে সৃজনশীল সাহিত্য ও বিজ্ঞানভিত্তিক বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বইপড়া মানুষের চিন্তা-চেতনার পরিধি বড় করার পাশাপাশি একটি সংস্কৃতিমনস্ক ও মানবিক প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, বিশ্বসাহিত্য কেন্দ্র দীর্ঘ ৪৮ বছর ধরে দেশজুড়ে মননশীল ও আলোকিত মানুষ তৈরির লক্ষ্যে এই ‘দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’ পরিচালনা করে আসছে। বর্তমানে দেশের প্রায় ১,৫০০টি মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মসূচি চলমান রয়েছে, যেখানে প্রতিবছর প্রায় দুই লাখ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে।