
শাহিনুর ইসলাম: বিশেষ প্রতিনিধিঃ
“সংস্কৃতি সুন্দর মন তৈরি করে, আমাদের বাঁচতে শেখায়। খুলনা সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া চর্চায় এক সময় সমৃদ্ধ থাকলেও বর্তমানে সকল ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়েছি। সে কারণে খুলনার সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নগরীর খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল প্রাঙ্গণে সাংস্কৃতিক সংগঠন ‘শিল্পাঙ্গন একাডেমী’-র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শিল্পাঙ্গন একাডেমী যেন সুন্দরভাবে পরিচালিত হতে পারে এবং খুলনার সাংস্কৃতিক চর্চায় আরও জোরালো ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের প্রধান শিক্ষক মো. শহীদুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি ল’ কলেজের অধ্যাপক এ্যাড. কুদরত-ই-খুদা, এ্যাড. ফজলে হালিম লিটন এবং শিল্পাঙ্গন একাডেমীর উপদেষ্টা নিজাম উর রহমান লালু।
অনুষ্ঠানে সমাজ ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৭ জন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন,শিক্ষায়: মো. সাইফুল ইসলাম, সাংবাদিকতায়: মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-খুলনার সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার খুলনা ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম, গীতিকারে: মোস্তফা নুরুজ্জামান, গবেষণায়: এ এইচ এম জামাল উদ্দীন, আবৃত্তিকারে: শরীফ উদ্দীন টিটু, সংগঠকে: খন্দকার খলিলুর রহমান, চারুকলায়: মো. আলাউদ্দীন বিপ্লব।
আব্দুল্লাহ আল মামুন ও শিমুল আক্তারের সঞ্চালনায় এবং সংগঠনের প্রশিক্ষক ও পরিচালক সঞ্জয় কুমার সাহার পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।