
মোঃ মেহেদী হাসান, সম্পাদক ও প্রকাশক
সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বুধহাটা বাজার থেকে চুরি হওয়ার তিন ঘণ্টার মধ্যেই চোরাই মোটরসাইকেল ও যন্ত্রাংশ উদ্ধারসহ মূল চোর ও ক্রেতাচক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এক চৌকস টিমের দ্রুত ও ঝটিকা অভিযানে এই সাফল্য আসে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৮:৩০ মিনিটের দিকে বুধহাটা বাজারের রূপালী ব্যাংক ভবনের নিচ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পরপরই ভুক্তভোগী বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রকে অবহিত করেন।
ঘটনার গুরুত্ব অনুধাবন করে রাত ৯:০০টার দিকে বুধহাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) ইন্সপেক্টর হারুন-আর-রশিদের নেতৃত্বে এসআই সেকেন্দার ও কনস্টেবল কুমারেশ কুমারসহ পুলিশের একটি চৌকস টিম তাৎক্ষণিক সাঁড়াশি অভিযানে নামে।
অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বুধহাটা গ্রামের বুলবুল ঢালির ছেলে মুছানুর (মূল অভিযুক্ত)-কে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী চোরাই মোটরসাইকেলটি যার কাছে বিক্রি করা হয়েছিল, সেই চক্রের সন্ধান মেলে।
মুছানুরের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ আশাশুনি থানার গুনাকরকাটি গ্রামের কোরমান আলীর ছেলে ফারুক হোসেন বাহার এবং বাহাদুরপুর গ্রামের জব্বার মোল্লার ছেলে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেল এবং খুলে ফেলা বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রাংশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে বুধহাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) ইন্সপেক্টর হারুন-আর-রশিদ জানান, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টিম মাঠে নামে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে মূল অভিযুক্তসহ ক্রেতাচক্রের তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। চুরি যাওয়া মোটরসাইকেলের সরঞ্জামাদিও উদ্ধার করা হয়েছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আশাশুনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।