
নজরুল ইসলাম খোকন,টেকনাফ, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক দুই সফল অভিযানে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ৩২ বস্তা সার ও ২টি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৮ জুন ২০২৬ সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল জাদিমুড়া পোস্টসংলগ্ন হাবিবুল্লাহ জোড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ১০ বস্তা সার এবং ১টি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
এর পরদিন ২৯ জুন ২০২৬ ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে একই এলাকায় আবারও বিশেষ অভিযান চালায় বিজিবি। অভিযানে নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগান থেকে মালিকবিহীন অবস্থায় ২২ বস্তা সার এবং আরও ১টি হস্তচালিত কাঠের নৌকা উদ্ধার করা হয়।
পৃথক দুই অভিযানে সর্বমোট ৩২ বস্তা সার ও ২টি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামতের আনুমানিক সিজার মূল্য ৫৫ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন,
“সীমান্ত সুরক্ষার পাশাপাশি বাংলাদেশ থেকে মায়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মায়ানমার থেকে বাংলাদেশে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবি আরও জানিয়েছে, জব্দকৃত সার ও হস্তচালিত কাঠের নৌকাসমূহের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।