
সাদেক হোসেন কেশবপুর (যশোর)
ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হলেও যশোরের কেশবপুরে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের ফুটবল উন্মাদনা এখনো কমেনি। শুক্রবার বিকেলে উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদ মাঠে কলাগাছি বাজার কমিটির উদ্যোগে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলা শুরুর পর থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি বেশ উপভোগ্য হয়ে ওঠে। তবে নিজেদের সুযোগ কাজে লাগিয়ে ব্রাজিল সমর্থক দল ২-০ গোলে আর্জেন্টিনা সমর্থক দলকে হারিয়ে বিজয় নিশ্চিত করে।
ম্যাচের উদ্বোধন করেন কলাগাছি বাজার কমিটির সভাপতি সিরাজুল ইসলাম। এ সময় বাজার কমিটির সাধারণ সম্পাদক আজারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বাজার কমিটির সদস্য এবং দুই দলের অসংখ্য সমর্থক উপস্থিত ছিলেন। তারা খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহ দেন।
আয়োজকরা জানান, বিশ্বকাপ শেষ হলেও ফুটবলের আনন্দ ধরে রাখতে এবং দুই দলের সমর্থকদের মধ্যে সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যেই এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।