
বিশেষ প্রতিনিধি
আইনি ও সাংবিধানিক জটিলতায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, স্পিকারের দপ্তর থেকে সবুজ সংকেত বা একটিমাত্র দাপ্তরিক নির্দেশনা পেলেই তাঁর বিরুদ্ধে চূড়ান্ত আইনি পদক্ষেপ নেবে কমিশন। এর চূড়ান্ত পরিণতিতে বাতিল হতে পারে তাঁর সংসদ সদস্য পদ।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসন থেকে নির্বাচিত এই নেতার পদ ধরে রাখা নিয়ে তৈরি হয়েছে গভীর রাজনৈতিক ও আইনি ধোঁয়াশা।
ইসি ও আদালত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গাজী নজরুলের বিরুদ্ধে ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্তি, নির্বাচনি হলফনামায় তথ্য গোপন ও প্রার্থিতার সাংবিধানিক অযোগ্যতার মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। সংবিধান ও সংসদীয় বিধি অনুযায়ী, কোনো সংসদ সদস্যের পদ থাকা বা যাওয়ার বিষয়ে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়। ইসি ইতোমধ্যে এ সংক্রান্ত সমস্ত নথি ও তথ্য যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন করে রেখেছে।
কমিশনের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। স্পিকারের চিঠি বা নির্দেশনা হাতে পৌঁছামাত্রই ইসি আইনগত ব্যবস্থা নেবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্পিকারের দপ্তরের বার্তা ইসিতে পৌঁছানো মাত্রই গাজী নজরুলের সংসদীয় সদস্যপদ নিয়ে চূড়ান্ত ও নজিরবিহীন ঘোষণা আসতে পারে। ফলে শ্যামনগরের এই নেতার রাজনৈতিক ভবিষ্যৎ এখন পুরোপুরি নির্ভর করছে স্পিকারের সিদ্ধান্তের ওপর।