1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

ফেসবুক পেজ খুলে ‘সাংবাদিক’ নিয়োগের ফাঁদ দেশজুড়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চটকদার বিজ্ঞাপন ও নামী পত্রিকার লোগো এডিট করে জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগের নামে দেশজুড়ে এক অভিনব প্রতারণা সিন্ডিকেট গড়ে উঠেছে। বৈধ কোনো নিবন্ধন বা প্রাতিষ্ঠানিক অস্তিত্ব না থাকলেও ‘দৈনিক বাংলার সময়’ নামক একটি ভুয়া ফেসবুক পেজ ও নামসর্বস্ব ওয়েবসাইট খুলে সাধারণ মানুষসহ মাঠপর্যায়ের পেশাদার সাংবাদিকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি।

নিয়োগের পর প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র (আইডি কার্ড) এবং লোগোযুক্ত ‘বুম মাইক্রোফোন’ দেওয়ার প্রলোভন দেখিয়ে এই অর্থ আদায় করা হচ্ছে। টাকা হাতিয়ে নেওয়ার পর ভুক্তভোগীদের ফোন নম্বর ব্লক করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভাষায় গালিগালাজ করার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে চক্রটির বিরুদ্ধে।

 

অনুসন্ধানে জানা যায়, চক্রটি সুকৌশলে বিভিন্ন জাতীয় পত্রিকার মূল পাতা বা কাটিং এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি’ প্রকাশ করে। জেলা ও উপজেলা পর্যায়ে যারা সাংবাদিকতা করতে ইচ্ছুক কিংবা ইতিমধ্যে মাঠপর্যায়ে কর্মরত আছেন, তারা এই বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে যোগাযোগ করেন।

প্রাথমিক কথোপকথনে চক্রটি নিজেদের একটি শীর্ষস্থানীয় ‘জাতীয় পত্রিকা’ হিসেবে দাবি করে। এরপর জেলা প্রতিনিধি, ব্যুরো প্রধান বা উপজেলা প্রতিনিধি পদের বিপরীতে ৩ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ‘নিরাপত্তা জামানত’ বা ‘ডিজিটাল সরঞ্জাম’ বাবদ অগ্রিম দাবি করা হয়। বিকাশ বা রকেটের মাধ্যমে এই টাকা পাওয়ার পরপরই ওই নম্বরের যোগাযোগ চিরতরে বিচ্ছিন্ন করে দেয় তারা।

 

অনুসন্ধানের তথ্যানুযায়ী, এই ভুয়া চক্রের ফাঁদে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলের বেশ কয়েকজন পেশাদার গণমাধ্যমকর্মী আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সাম্প্রতিক কিছু ঘটনার বিবরণ নিচে দেওয়া হলো

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পেশাদার সাংবাদিক হাবিবুল্লাহ বাহারের কাছ থেকে পরিচয়পত্র ও বুম দেওয়ার নামে ২ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এরপর থেকে সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

যশোর বাঘারপাড়া উপজেলার পেশাদার সাংবাদিক সোহাগের কাছ থেকে ভুয়া পরিচয়পত্র দেওয়ার নামে ৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।

বরিশাল অঞ্চলে প্রতারণার জাল সবচেয়ে বেশি বিস্তৃত। পটুয়াখালীর ইমরান নামের এক সংবাদকর্মীর কাছ থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। এছাড়া ভোলার স্থানীয় সংবাদকর্মী শান্তর কাছ থেকে নেওয়া হয়েছে ৬ হাজার টাকা।

খুলনা অঞ্চলের নারী সংবাদকর্মী সোহানার কাছ থেকে অভিনব কায়দায় ৪ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিকরা যখন প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অন্য নম্বর থেকে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই চক্রের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, তখন চক্রের সদস্যরা চরম উগ্র রূপ ধারণ করে। পরিচয় গোপন করে অনুসন্ধানী সাংবাদিকরা যোগাযোগ করলে চক্রটি অত্যন্ত অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ শুরু করে এবং ডিজিটাল মাধ্যমে হুমকি প্রদর্শন করে।

 

আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে এই চক্রের জালিয়াতি ফাঁস হতে শুরু করেছে। আঞ্চলিক দৈনিক ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’-এর বার্তা কক্ষে দেশজুড়ে ভুক্তভোগীরা এই চক্রের বিরুদ্ধে ডিজিটাল প্রমাণ, অডিও রেকর্ড ও স্ক্রিনশট পাঠাচ্ছেন।

সংশ্লিষ্ট মহলের মতে, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এসব ভুঁইফোড় ফেসবুক পেজ ও ওয়েবসাইটের কারণে মূলধারার সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চরম ভাবমূর্তি সংকটে পড়ছে। পেশাদার সাংবাদিকরা যাতে এই ধরনের ফাঁদে আর না পড়েন, সেজন্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এই চক্রের বিরুদ্ধে দ্রুত সাইবার অপরাধ দমন আইন ও প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

 

কোনো গণমাধ্যমে প্রতিনিধি হিসেবে যুক্ত হওয়ার পূর্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রিন্ট ডিক্লারেশন, অনলাইন নিউজ পোর্টালের সরকারি নিবন্ধন (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত তালিকা), প্রধান কার্যালয়ের স্থায়ী ঠিকানা এবং দায়িত্বশীল কর্মকর্তাদের সত্যতা যাচাই করুন। ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দেখে কোনো ধরনের আর্থিক লেনদেন করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত