
বিশেষ প্রতিনিধি
জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম। আজ ১৮ আগস্ট (মঙ্গলবার) পাটকেলঘাটা থানা বার্ষিক পরিদর্শনের সময় উপস্থিত কর্মকর্তা ও ফোর্সদের উদ্দেশ্যে দেওয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার দাপ্তরিক কার্যক্রম, বিভিন্ন শেরেস্তার রেজিস্টারপত্র ও সার্বিক নথি নিবিড়ভাবে তদারকি করেন। পরবর্তীতে তিনি থানার সকল কর্মকর্তা, ফোর্স এবং গ্রাম পুলিশ সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় উপস্থিত সদস্যদের মনোবল বৃদ্ধি, কর্মক্ষেত্রে সার্বিক গতিশীলতা আনয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে স্পষ্ট করে বলেন, “প্রতিটি পুলিশ সদস্যকে তার ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সততার সাথে পালন করতে হবে। জনগণের আস্থা অর্জন এবং পুলিশি সেবা সরাসরি প্রান্তিক মানুষের দোড়গোড়ায় পৌঁছাতে থানাভিত্তিক বিট পুলিশিং কার্যক্রম আরো জোরদার করতে হবে।” যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সেবা দেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শাহীনুর চৌধুরী এবং পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সফিকুল ইসলামসহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার অস্ত্রাগার, মালখানা ও চারপাশের পরিবেশ ঘুরে দেখেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।