
এস.এম.মোস্তাফিজুর রহমান,আশাশুনি উপজেলা প্রতিনিধি
।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেউটিয়া খোলপেটুয়া ওয়াপদা সড়কের দক্ষিণ প্রান্তে আব্দুল্লা সরদারের বাড়ি থেকে উত্তর দিকে প্রায় এক কিলোমিটার কাঁচা সড়ক ইট সলিং নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের অভাবে চরম দুর্ভোগে থাকা শতাধিক পরিবারের মানুষ দ্রুত সড়কটি নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৫টায় চেউটিয়া নদী খেয়াঘাটের দক্ষিণ পাশে চেউটিয়া ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মো.মহিউদ্দিন গাজী এবং সঞ্চালনা করেন মো.আ.সরদার সানা।
মানববন্ধনে বক্তারা বলেন,গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে কাঁচা থাকায় বছরের অধিকাংশ সময়ই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্ষা মৌসুমে কাদায় সড়কটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ফলে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া,প্রসূতি মায়েদের চিকিৎসাসেবা নিশ্চিত করা,প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল,স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াত এবং মুসল্লিদের মসজিদে গিয়ে নামাজ আদায়ে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়রা জানান,সড়কটির ওপর নির্ভরশীল শতাধিক পরিবারের মানুষের নিত্যদিনের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। হাট-বাজারে যাতায়াত,কৃষিপণ্য পরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া কিংবা জরুরি প্রয়োজনে চলাচল—সব ক্ষেত্রেই দুর্ভোগ নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বহুবার দাবি জানানো হলেও এখন পর্যন্ত সড়কটি উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধন থেকে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মহাদ্দিস রবিউল বাশারের প্রতি দ্রুত প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দিয়ে সড়কটির ইট সলিং নির্মাণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন,সড়কটি নির্মিত হলে শুধু শতাধিক পরিবারের ভোগান্তিই দূর হবে না,বরং এলাকার শিক্ষা,স্বাস্থ্যসেবা,কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন-শাহিন সানা,আলামিন হোসেন,আজিবার রহমান,আ.ছাত্তার সানা,খোকন সরদার,আজহারুল সানা,রজব গাজী,আহসান গাজী, আলাউদ্দিন গাজী,জাকির হোসেন গাজী,নুরবক্ত সানা, রাজ্জাক গাজী,আরশাদ সানা ওআবুল কালাম প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক নারী-পুরুষ,শিশু মানববন্ধনে অংশ নিয়ে দ্রুত সড়ক নির্মাণের দাবি জানান।