
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সাইফ হোসেন ইরফান (৮) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার বাঁকড়া বাজার সংলগ্ন আলিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইরফান ওই গ্রামের যুবদল কর্মী সাইফুল ইসলামের ছেলে এবং দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। সম্পর্কে সে ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম আমিরুল ইসলামের ভাইপো। তিন ভাই-বোনের মধ্যে ইরফান ছিল দ্বিতীয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১১টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ইরফান তার চাচাতো ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। ছোট হওয়ার কারণে বিষয়টি বুঝতে না পেরে তার চাচাতো ভাই একা বাড়িতে ফিরে আসে। পরবর্তীতে ইরফানকে ঘরে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
বিকেল তিনটার দিকে পুকুর থেকে স্থানীয়রা শিশু ইরফানের নিথর দেহ উদ্ধার করে। তার অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আসরের নামাজ শেষে আলিপুর সরদারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।