বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

খুলনায় ট্রাক ও দুই বাসের ত্রিমুখী সংঘর্ষে আহত ২৪

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

সাহারা সুলতানা, বিশেষ প্রতিনিধি

খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা এলাকায় খুলনা-যশোর মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস ও একটি তেলবাহী ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২৪ জন আহত হয়েছেন। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুলতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে যশোর থেকে খুলনাগামী একটি জ্বালানি তেলবাহী ট্রাকের চাকা হঠাৎ ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যশোরগামী ‘রূপসা পরিবহনের’ একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ট্রাকটির পেছনে থাকা খুলনা সরকারি বিএল কলেজের শিক্ষার্থীদের বহনকারী অপর একটি বাস ট্রাকটিকে এড়িয়ে যেতে গিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে তিনটি যানবাহনই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পুলিশ ও প্রশাসনের সহায়তায় আহতদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পার্শ্ববর্তী অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত আটজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

খুমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রয়েছেন বিএল কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইভা (১৯), সমাজকর্ম বিভাগের তামান্না জান্নাত (২০), অর্থনীতি বিভাগের সাবরিনা (২৪), গণিত বিভাগের রন্তা রায় (৩০) ও মাইমুনা (২২), বাংলা বিভাগের নাজমুন নাহার (১৮), যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান (৪০) এবং বাসের হেলপার সাইফুল (৪০)। তাদের জরুরি বিভাগে চিকিৎসার পর সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম তৌহিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ত্রিমুখী সংঘর্ষে মোট ২৪ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হলেও পুলিশ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews