
আবুজার গাজী, বিশেষ প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে আবারও মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মুন্সিগঞ্জ ইউনিয়ন ও সংলগ্ন বুড়িগোয়ালিনী সীমানার পানখালী চুনা নদীর চর এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— মো. সুমন (৩০), পিতা: হাকিম মুন্সী এবং মো. ইসমাইল (২৭), পিতা: রাশিদুল (রাসু)।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ ইউনিয়ন এলাকায় মাদকের একটি চালান হাতবদলের গোপন খবর পেয়ে আভিযানিক দলটি সেখানে অবস্থান নেয়। পরবর্তীতে চুনা নদীর চর এলাকায় অভিযান চালিয়ে মাদক কেনাবেচার সময় দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্যামনগরের সীমান্তবর্তী ও নদীবেষ্টিত মুন্সিগঞ্জ ইউনিয়নে প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সরবরাহ চলছে। কাঁচাবাজারের মতো সহজে মাদক মেলানোয় স্থানীয় যুবসমাজ ও এলাকার পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে ক্ষোভ জানান এলাকাবাসী।
আইনশৃঙ্খলা বাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্থানীয়রা দাবি করেন, কেবল খুচরা বিক্রেতাদের গ্রেফতার নয়, মুন্সিগঞ্জ ইউনিয়নকে মাদকমুক্ত করতে এর পেছনে থাকা মূল হোতা ও জোগানদাতাদের চিহ্নিত করে পুরো সিন্ডিকেট ভেঙে দিতে হবে। একই সঙ্গে উপকূলীয় এই সীমান্তবর্তী অঞ্চলে নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রাখার জোর দাবি জানান তারা।
মাদকের সঙ্গে যুক্ত মূল চক্র শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে এবং আদালতের চূড়ান্ত নির্দেশনার আলোকেই আইনানুগ পরবর্তী ব্যবস্থা নির্ধারিত হবে।