1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে শতবর্ষী বৃদ্ধকে কুকুরের কামড়

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বহেরারচালা গ্রামে ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে কুকুরের আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন শতবর্ষী এক বৃদ্ধ। আহত ব্যক্তির নাম আহাম্মদ আলী মুন্সী (১০১)। তিনি ওই গ্রামের মৃত ইজ্জত আলী মাতাব্বরের ছেলে।

 

শনিবার (১৩ জুন) ভোর আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও ভোরবেলা কিংবা রাতে চলাচলকারী মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আহাম্মদ আলী মুন্সী প্রতিদিনের মতো ফজরের নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ কয়েকটি কুকুর তাকে ঘিরে ধরে আক্রমণ করে। আত্মরক্ষার চেষ্টা করেও তিনি কুকুরগুলোর আক্রমণ থেকে রক্ষা পাননি। একপর্যায়ে কুকুরগুলো তার শরীরের বিভিন্ন স্থানে কামড়ে গুরুতর জখম করে।

 

চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে মাওনা আলহেরা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। তার বয়স ও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়।

 

আহতের স্বজন দুলাল মিয়া বলেন, “ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকটি কুকুর তাকে ঘিরে ধরে। শরীরের বিভিন্ন স্থানে কামড়ে গুরুতর জখম করেছে। পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেওয়া হয়।”

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহেরারচালা এলাকাসহ শ্রীপুরের বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাজার, রাস্তার মোড়, আবাসিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে কুকুরের অবাধ বিচরণে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে চলাফেরা করছেন। বিশেষ করে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

 

অনেকের মতে, খাদ্যের সন্ধানে দলবদ্ধ কুকুর প্রায়ই পথচারীদের তাড়া করে। কখনো কখনো কুকুরের আক্রমণে মানুষ আহত হলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ খুব একটা দেখা যায় না।

 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কুকুরের কামড়কে কখনোই সাধারণ ঘটনা হিসেবে নেওয়া উচিত নয়। কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক (রেবিস) নামক প্রাণঘাতী রোগ ছড়াতে পারে। তাই আক্রান্ত ব্যক্তিকে দ্রুত ক্ষতস্থান সাবান ও পরিষ্কার পানি দিয়ে কমপক্ষে ১৫ মিনিট ধুয়ে ফেলতে হবে এবং বিলম্ব না করে নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা গ্রহণ করতে হবে।

 

এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ, টিকাদান কর্মসূচি এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

 

স্থানীয়দের মতে, শতবর্ষী এক বৃদ্ধের ওপর কুকুরের এমন আক্রমণের ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত