
মো. আব্দুল আজিজ মিয়া স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামে উন্নত জাতের হাঁস পালন সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে খামারিদের সচেতন করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে জেলা প্রাণিসম্পদ বিভাগ। মাঠপর্যায়ে সচেতনতামূলক স্টিকার, তথ্যপত্র ও পরামর্শমূলক কার্যক্রমের মাধ্যমে খামারিদের আধুনিক পদ্ধতিতে হাঁস পালনে উৎসাহিত করা হচ্ছে।
জেলা প্রাণিসম্পদ বিভাগের সূত্র জানায়, এসব কার্যক্রমের আওতায় উন্নত জাতের হাঁস নির্বাচন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, টিকাদান এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে খামারিদের ধারণা দেওয়া হচ্ছে। এতে নতুন উদ্যোক্তাদের পাশাপাশি বিদ্যমান খামারিরাও আধুনিক প্রযুক্তিনির্ভর হাঁস পালনের বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. রুবাইয়েত রেজার তত্ত্বাবধানে পরিচালিত এসব কার্যক্রমে মাঠপর্যায়ে খামারিদের সঙ্গে নিয়মিত মতবিনিময়, পরামর্শ প্রদান এবং সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
স্থানীয় কয়েকজন খামারি ও বাসিন্দা বলেন, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা নিয়মিত মাঠে গিয়ে খামারিদের বিভিন্ন সমস্যা সম্পর্কে পরামর্শ দিচ্ছেন। এতে হাঁস পালনের আধুনিক পদ্ধতি সম্পর্কে তাদের ধারণা বাড়ছে এবং অনেকেই বাণিজ্যিকভাবে হাঁস পালনে আগ্রহী হচ্ছেন।
জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, নিরাপদ ও লাভজনক হাঁস পালন নিশ্চিত করতে উন্নত জাত নির্বাচন, সঠিক খামার ব্যবস্থাপনা, নিয়মিত স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই। এসব বিষয়ে খামারিদের দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা তৈরিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা জানান।