
বিশেষ প্রতিনিধি
যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষা সুষ্ঠু পরিবেশে শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বাংলা প্রথমপত্র পরীক্ষায় বসেছে ৫৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ১৭ হাজার ১৭৭ জন পরীক্ষার্থী। এরমধ্যে বিজ্ঞান বিভাগের ২২ হাজার ৭২৩জন, মানবিকের ৮১ হাজার ৬৯০ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১২ হাজার ৪৯৪ জন। তবে কেন্দ্রে প্রবেশের আগে ঘড়ি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। প্রবেশ মুখে কর্তব্যরতরা কাটাওয়ালা ঘড়ি নিয়ে প্রবেশ করতে দেননি। একারণে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন। পরে কেন্দ্র সচিবের হস্তক্ষেপে কাটাওয়ালা ঘড়ি নিয়ে পরীক্ষা কক্ষে যান।
নিয়মিত পরীক্ষার্থী ৮০ হাজার ৩৬৫জন। অনিয়মিত পরীক্ষার্থী ৩১ হাজার ১২০জন। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৯১৭ জন ও প্রাইভেট পরীক্ষার্থী ৪২ জন রয়েছে। ২৪০টি কেন্দ্রে নকলমুক্ত পরিবশে পরীক্ষা শুরু হয়েছে। এরমধ্যে ৩০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে মাত্র ৩৬৮ জন। পাঁচ বছর পর এবার পূর্ণাঙ্গ সিলেবাস ও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ায় শিক্ষার্থীদের মাঝে কিছুটা সংশয় আছে। তবে অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষায় মেধার যথাযথ মূল্যায়ন হবে বলে মনে করছেন তারা। পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া নিবিড় পর্যবেক্ষণের জন্য বোর্ড কর্মকর্তা ও শিক্ষকদের সমন্বয়ে বেশ কয়েকটি ‘র্যাপিড ভিজিল্যান্স টিম’ গঠন করা হয়েছে। সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালাম।