
নজরুল ইসলাম খোকন, টেকনাফ, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে টেকনাফ উপজেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক চাপ কমানোর লক্ষ্যে সরকার কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বিনামূল্যে সার, উন্নতমানের বীজ ও বিভিন্ন প্রজাতির চারা বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাসের পাশাপাশি কৃষিতে আরও বেশি আগ্রহ সৃষ্টি হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে সার, বীজ এবং ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।