1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

উপকূলে ঈদের ভিন্ন আমেজ গাবুরায় প্রবীণ-নবীনের ‘দাদা-পোতা’ ফুটবল যুদ্ধ, রোমাঞ্চকর ড্র

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

শ্যামনগর উপজেলা প্রতিনিধি

 

ডিজিটাল স্ক্রিনের যান্ত্রিকতা ঠেলে উপকূলের বুকে যেন ফিরে এলো চিরচেনা গ্রামীণ ঐতিহ্য ও ঈদের অনাবিল আনন্দ। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমী ও রোমাঞ্চকর ‘দাদা-পোতা প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬’। মাঠের লড়াইয়ে একদিকে ছিলেন অভিজ্ঞতায় পরিপক্ব প্রবীণদের ‘দাদা একাদশ’, আর অন্যদিকে গতি ও আধুনিক ফুটবলের কৌশলে বলীয়ান তরুণদের ‘পোতা একাদশ’। প্রবীণ আর নবীনের কেউ কাউকে এক চুলও ছাড় দেয়নি। আক্রমণ আর পাল্টা-আক্রমণে ঠাসা নির্ধারিত সময়ের স্নায়ুচাপের ম্যাচ শেষে দাদা একাদশ ও পোতা একাদশ ২-২ গোলে সমতায় মাঠ ছাড়ে। ফলে চিরপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচটি ড্র হিসেবে শেষ হয়।

রবিবার (৩১ মে) বিকেল ৪টায় গাবুরার ঐতিহাসিক জি.এল.এম. মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘গোল্ডেন বয়েজ ক্লাব’ এই প্রীতি ম্যাচের আয়োজন করে। ঈদুল আজহার ছুটিতে বাড়ি ফেরা মানুষ আর স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ম্যাচটি রূপ নেয় এক মহাসম্মিলনে।

 

সরেজমিনে দেখা যায়, জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে টিকে থাকা গাবুরার মানুষের মাঝে এই ম্যাচটি ঘিরে কয়েকদিন ধরেই ছিল তুমুল উদ্দীপনা। খেলা শুরুর আগেই মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে হাজারো ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে। গাবুরা ইউনিয়নের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ করতালি ও উল্লাসে মুখরিত করে রাখেন পুরো মাঠ। তরুণদের গতির ফুটবলকে যেভাবে প্রবীণরা বুদ্ধি এবং অভিজ্ঞতার ট্যাকলে রুখে দিচ্ছিলেন, তা উপস্থিত দর্শকদের প্রবলভাবে আনন্দিত করেছে।

 

ঐতিহ্যবাহী এই ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন এলাকার একঝাঁক বিশিষ্ট ব্যক্তিবর্গ। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের অনুপ্রাণিত করেন ১২ নম্বর গাবুরা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ান্দের সদস্য এবং গোল্ডেন বয়েজ ক্লাবের উপদেষ্টা জি. এম. ইমাম হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের অপর উপদেষ্টা জি. এম. শাহিনুর রহমান (শাহিন)। এছাড়াও খেলা চলাকালীন ম্যাচ পরিদর্শনে এসে উৎসবের আমেজ বাড়িয়ে দেন ১২ নম্বর গাবুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাস্টার আব্দুর রহিম। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে এই সুস্থ বিনোদনের প্রশংসা করেন।

 

ব্যতিক্রমী এই আয়োজনের মূল ভাবনা নিয়ে আয়োজক সংগঠন ‘গোল্ডেন বয়েজ ক্লাব’-এর দায়িত্বশীল কর্মকর্তারা জানান—

“ঈদের সার্বজনীন আনন্দকে সমাজের প্রতিটি মানুষের মাঝে সমানভাবে ভাগাভাগি করে নেওয়াই আমাদের মূল প্রয়াস। প্রবীণদের অভিজ্ঞতার প্রতি তরুণ প্রজন্মের শ্রদ্ধা এবং যুবসমাজের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতেই এই ভিন্নধর্মী উদ্যোগ। খেলাধুলা চাঙ্গা থাকলে সমাজ থেকে যুবসমাজের অবক্ষয় রোধ করা সহজ হয়।”

ম্যাচ শেষে উপস্থিত দর্শকরা এমন উৎসবমুখর ও নিটোল বিনোদনের উদ্যোগকে সাধুবাদ জানান। গ্রামীণ জনপদের সুস্থ সামাজিক পরিবেশ ধরে রাখতে এবং দুই প্রজন্মের এই চমৎকার মেলবন্ধন বজায় রাখতে ভবিষ্যতেও প্রতি বছর এই ধরনের আয়োজন অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত