
মোঃ ফারুক হোসাইন, শ্যামনগর উপজেলা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘মুন্সীগঞ্জ ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার ৬৩ নং হরিনগর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই জাঁকজমকপূর্ণ টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ এনামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কেবল পাঠ্যবইয়ের শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের এই ধারাবাহিকতা তৃণমূল থেকে আগামীর দক্ষ খেলোয়াড় তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শাহীন হোসেন। বিশেষ অতিথির বক্তব্যে তিনি গ্রামীণ পর্যায়ে এমন সুশৃঙ্খল আয়োজনের প্রশংসা করেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল করিম এবং হরিনগর অনির্বাণ ক্লাবের সভাপতি জনাব অমেদ আলি। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল থেকেই মুন্সীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফুটবল প্রেমীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে হরিনগর হাটখোলা মাঠ। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে খুদে ফুটবলারদের নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করে। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ‘গোল্ডকাপ’ ও বিশেষ স্মারক তুলে দেন।
স্থানীয় ক্রীড়ানুরাগীরা মনে করছেন, এ ধরনের আয়োজন শিশুদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখবে।