
বিধান চন্দ্র রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের কাহারোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. রাসেল রহমান (৩২), পিতা—মোঃ বাবলুর রহমান, নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) কাহারোল উপজেলায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মো. রাসেল রহমান কাহারোল উপজেলার হেলেঞ্চাকুড়ি এলাকার বাসিন্দা।
দণ্ডাদেশের নথি অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ড ভোগের বিষয়টিও দণ্ডাদেশে উল্লেখ রয়েছে।
কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ প্রদান করেন।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।