
নাসির উদ্দিন লিটন,স্টাফ রিপোর্টার
মাদারীপুর জেলাধীন রাজৈর উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে নেজলা পুইস্তা (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯ টার দিকে রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের আমগ্রাম পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নেজলা পুইস্তা ওই এলাকার বাবুল পুইস্তার মেয়ে। সে আমগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নেজলা জানতে পারে, ইংরেজি, গণিত, উচ্চতর গণিত ও রসায়ন বিষয়ে তার ফলাফল খারাপ হয়েছে। এ নিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়ে। পরে ফলাফল খারাপ হওয়াকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য হয়।
একপর্যায়ে নেজলা নিজের শোবার ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৈতন্য কুমার বৈদ্য বলেন, নেজলা নিয়মিত বিদ্যালয়ে আসত না। এ কারণে তার ফলাফল খারাপ হয়ে থাকতে পারে। ফলাফল খারাপ হওয়া জীবনের শেষ নয়। পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগও তার ছিল। এ কারণে জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়।
এ বিষয়ে রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে বিনা ময়নাতদন্তে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।