
শাহিনুর ইসলাম-বিশেষ প্রতিনিধি:
আজ ১০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ (সোমবার) বেলা সাড়ে ১২টায় ঢাকা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে অনলাইনে (জুমে) যুক্ত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খুলনা জেলার উপকূলীয় দাকোপ উপজেলার পানখালী মমতাজ বেগম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘পানখালী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) গ্রাম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দেশের টেকসই উন্নয়নে সরকারের অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় এই কর্মসূচি শুরু হয়েছে।
মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব জোনায়েদ সাকি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিকল্পনা বিভাগের সচিব জনাব এস এম শাকিল আখতার, জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) ক্যারল ফ্লোরে-স্মেরেসনিয়াক (Carol Flore-Smereczniak), সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) জনাব ড. মনজুর হোসেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এসডিজি বিষয়ক) মুখ্য সমন্বয়ক জনাব অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল।
পানখালী মমতাজ বেগম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত স্থানীয় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত, কেডিএ চেয়ারম্যান জনাব এস এম শফিকুল আলম, পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মীসহ এলাকার বিভিন্ন স্তরের সাধারণ গ্রামবাসীরা।
এসডিজি ভিলেজ ঘোষণার ফলে পানখালীসহ নির্দিষ্ট গ্রামগুলোতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৭টি অভীষ্ট অর্জনের পথ সুগম হবে। এর মাধ্যমে পর্যায়ক্রমে অত্র অঞ্চলে দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি সরবরাহ, আধুনিক স্যানিটেশন নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলাসহ সার্বিক আর্থসামাজিক উন্নয়ন সাধিত হবে বলে জোরালো প্রত্যাশা ব্যক্ত করা হয়।