
মোঃ মেহেদী হাসান, সম্পাদক ও প্রকাশক
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মুস্তাকিম হোসেন (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী–বাঁশতলা সড়কের মুকুন্দপুর গ্রামের শেখপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মুস্তাকিম হোসেন কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে শিশু মুস্তাকিম একটি অটোরিকশায় (ভ্যান) করে যাতায়াত করছিল। পথিমধ্যে মুকুন্দপুর গ্রামের শেখপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শিশু মুস্তাকিম নিহত হয়।
দুর্ঘটনায় জড়িত ট্রাকটির নিবন্ধন নম্বর— খুলনা মেট্রো-ড ১১-০৩০৭। ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটির চালক আল আমিন হোসেনকে আটক করে কালিগঞ্জ থানা পুলিশ। আল আমিন হোসেন উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের আসাদুজ্জামানের ছেলে। এ সময় দুর্ঘটনাকবলিত ট্রাকটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘাতক ট্রাক ও এর চালক বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।