
সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমানকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। পেশাগত দায়িত্ব পালনে অবহেলা ও বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই পদক্ষেপে সাতক্ষীরায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং জনমনে স্বস্তির নিঃশ্বাস পড়তে দেখা গেছে।
অভিযোগ রয়েছে, সদর থানায় যোগদানের পর থেকে ওই কর্মকর্তার বিতর্কিত কর্মকাণ্ড ও সেবামূলক কার্যক্রমে ধীরগতির কারণে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সাধারণ মানুষকে হয়রানি এবং আইনি সেবা প্রদানে দীর্ঘসূত্রিতার অভিযোগ পৌঁছে যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দপ্তরে। বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে খুলনা রেঞ্জের ডিআইজি এবং সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কঠোর ও তাৎক্ষণিক এই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেন।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতেই এই রদবদল করা হয়েছে। পেশাগত শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে সদর থানা থেকে প্রত্যাহার করা হয়।
এদিকে, ওসি মাসুদকে ক্লোজড করার সংবাদ ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরার বিভিন্ন মহলে সাধুবাদ জানানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই সাহসী পদক্ষেপ গ্রহণ করায় খুলনা রেঞ্জের ডিআইজি এবং সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।
জেলাবাসীর প্রত্যাশা, এই বদলির মাধ্যমে সাতক্ষীরা সদর থানায় দ্রুত একজন সৎ, দক্ষ ও জনবান্ধব পুলিশ কর্মকর্তার পদায়ন হবে, যিনি এলাকার অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।