
নিজস্ব প্রতিনিধ
সাতক্ষীরা নির্বাচনি দায়িত্বে এসে বিএনপির সাধারণ সম্পাদকের অফিসে গোপন মিটিং করার অপরাধে এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনি দায়িত্বে আসেন পুলিশের এএসআই আকিদুল ইসলাম।
পরে সেখানে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে গোপন মিটিংয়ে যুক্ত হওয়ার বিষয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে নির্বাচনি দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহার হওয়া পুলিশের এএসআই আকিদুল ইসলাম সাতক্ষীরা কোর্টে দায়িত্বরত আছেন।
জানা গেছে, বুধবার ভোটগ্রহণের মালামাল নিয়ে শিমুলিয়া কেন্দ্রে পৌঁছান এএসআই আকিদুলসহ অন্যান্যরা। বিকেলে গাজীরহাট বাজারে নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজুর অফিসে গোপন মিটিংয়ে অংশ নেন তিনি। দীর্ঘ সময় থাই গ্লাসের দরজা বন্ধ করে সেখানে গোপন পরামর্শ করতে দেখা যায় তাকে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসিকে বিষয়টি তাৎক্ষণিক অবহিত করেন স্থানীয়রা।
এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘সাতক্ষীরা কোর্টে দায়িত্বরত পুলিশের এএসআই আকিদুল ইসলাম নির্বাচনে দায়িত্ব থাকা অবস্থায় তার বিরুদ্ধে অনৈতিক অভিযোগ পাওয়ামাত্র তাকে প্রত্যহার করা হয়েছে। তার জায়গায় অন্য একজনকে সংযুক্ত করা হয়েছে।’
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিলন সাহা বলেন, ‘নির্বাচনে দায়িত্বে থাকা পুলিশের বিষয়টি আমাদের নজরে আসার পর তাকে নির্বাচনি সব দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’