বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, আহত ৩

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি

 

সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল ঢালীপাড়া এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের তিন সদস্য আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহতরা চিকিৎসা গ্রহণের পর সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল ঢালীপাড়া গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল অহিদ (৫৬) তার সহোদর ভাই মোঃ আব্দুল আজিজ ঢালী ওরফে গড়ে আজিজ (৬৮), আজিজের ছেলে মোঃ আরিফ হোসেন (৩৬) এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, পৈতৃক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা প্রায়ই অভিযোগকারীর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। এমনকি বসতবাড়ি ভাঙচুর, জমি জবরদখল এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৯ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা শাবল ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে অভিযোগকারীর বাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। অভিযোগকারীর ছেলে মোঃ ফয়সাল আহম্মেদ (৩২) ও প্রতিবন্ধী ছেলে মোঃ ইকবাল হোসেন (২৫) বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

এ সময় অভিযুক্তরা লোহার রড দিয়ে আব্দুল অহিদ, ফয়সাল আহম্মেদ ও ইকবাল হোসেনকে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগ করা হয়েছে। তাদের ঘাড়, পিঠ, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তজমাট ফোলা জখম করা হয়। এছাড়া আব্দুল অহিদের মাথা ও ঘাড়ে কিল-ঘুষি মেরে গুরুতরভাবে আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার সময় অভিযুক্তরা ভবিষ্যতে বসতবাড়ি ভাঙচুর, জমি জবরদখল এবং পরিবারের সদস্যদের খুন-জখম করার হুমকিও প্রদান করে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা কোনো সালিশ মানতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে অভিযোগে রেবেকা বেগমসহ স্থানীয় আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। আহতরা চিকিৎসা গ্রহণ করেছেন এবং চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র অভিযোগের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

চিকিৎসা গ্রহণ ও শারীরিক অবস্থার কারণে তাৎক্ষণিকভাবে থানায় যেতে না পারায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে অভিযোগকারী জানান।

এ ব্যাপারে অভিযোগকারী মোঃ আব্দুল অহিদ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। কিন্তু পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আমাদের ওপর বারবার হামলা ও হুমকি দেওয়া হচ্ছে। আমরা পুলিশ প্রশাসন সহ যথাযথ কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের ও দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews