
আবুজার গাজী, বিশেষ প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন পরিচালনাধীন মোবাইল কোর্ট। মঙ্গলবার (১১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংবাদের সত্যতা পেয়ে মোবাইল কোর্টের একটি টিম মুন্সিগঞ্জ বাজারের ব্যবসায়ী ওয়াব আলীর দোকানে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে আশপাশের অন্য ব্যবসায়ীদের মধ্যেও তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, জব্দকৃত দোকানটির মালিক রাজনীতির সাথে যুক্ত, তবে প্রশাসন বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
জাল জব্দের পর আইন অনুযায়ী উদ্ধারকৃত সব কারেন্ট জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় দোকান মালিককে কোনো আর্থিক জরিমানা করা না হলেও, ভবিষ্যতে নিষিদ্ধ জালের মজুত, ক্রয়-বিক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দিয়ে চূড়ান্ত সতর্ক বার্তা দেওয়া হয়।
অভিযান শেষে প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তারা জানান, দেশীয় মাছের প্রজনন রক্ষা ও মৎস্য সম্পদ সংরক্ষণে অবৈধ জালের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে এ ধরনের ঝটিকা অভিযান ও মোবাইল কোর্টের তৎপরতা নিয়মিত অব্যাহত থাকবে। একই সঙ্গে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানানো হয়।
এদিকে, প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ মৎস্যজীবীরা। তারা জানান, কারেন্ট জালের অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে স্থানীয় নদী-নালায় ছোট-বড় মাছসহ জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকিতে পড়েছে। প্রাকৃতিক মৎস্য সম্পদ টিকিয়ে রাখতে প্রশাসনের এই কঠোর নজরদারি ভবিষ্যতেও বজায় রাখার দাবি জানান তারা।