
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে অপহরণের তিন দিন পর অপহৃত প্রাণিচিকিৎসক ডা. অনিমেষ পরমান্যকে (৪৫) উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ মে) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজারে তাকে রেখে যায় অপহরণকারীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আত্মসমর্পণকৃত এক বনদস্যুসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
আটককৃতরা হলেন— মুন্সিগঞ্জ ইউনিয়নের মিরগাং গ্রামের চিহ্নিত হরিণ শিকারি জুব্বার গাজী, শাহিনুর রহমান এবং গাবুরা ইউনিয়নের আত্মসমর্পণকৃত বনদস্যু মাহমুদুল হাসান ডন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ মে (শনিবার) সকালে রোগী দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর ডা. অনিমেষ নিখোঁজ হন। ওইদিন সন্ধ্যায় তার স্ত্রীর মোবাইল ফোনে কল দিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। গোপন সংবাদ ও প্রযুক্তির সহায়তায় পুলিশ নিশ্চিত হয় যে, অনিমেষকে সুন্দরবনের অভ্যন্তরে মাথাভাঙ্গা নদীর ধলের খালে আটকে রাখা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, রোববার রাত থেকে পুলিশের একটি চৌকস টিম স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম ও আব্দুল হামিদ লাল্টুর সহযোগিতায় সুন্দরবন সংলগ্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। পুলিশের কঠোর অবস্থানের মুখে সোমবার সকালে অপহরণকারীরা ডা. অনিমেষকে সুন্দরবন বাজারে পৌঁছে দিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তিনজনকে হাতেনাতে ধরে ফেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ডা. অনিমেষ ও তার প্রতিবেশী ফজলুল হকের ছেলে খলিলের যৌথভাবে একটি জমি ক্রয়ের কথা ছিল। ২২ লাখ টাকা মূল্যের ওই জমির দলিলের খসড়া চূড়ান্ত করতে গত শনিবার তাদের শ্যামনগর সদরে যাওয়ার কথা ছিল। ওই টাকা হাতিয়ে নিতেই একটি সংঘবদ্ধ চক্র তাকে অপহরণ করে।
আটককৃত মাহমুদুল হাসান ডন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, এই অপহরণের ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন রবিউল ইসলাম। রবিউলের নির্দেশেই তাকে সুন্দরবনে আটকে রাখা হয়েছিল। এদিকে, ঘটনার মূল হোতা হিসেবে রবিউলের নাম আসার পর থেকে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী অবিলম্বে রবিউল ইসলামকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “আটককৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে রবিউল ইসলাম নামে এক ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বেশি কিছু বলা যাচ্ছে না, তবে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।”
উদ্ধার হওয়া ডা. অনিমেষ পরমান্য উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত নিতাই পরমান্যের ছেলে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং পরিবারের হেফাজতে রয়েছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।