
নিজস্ব প্রতিনিধি।
০১ জুন ২০২৬(সোমবার), রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত টিএন্ডটি তারভান্ডার ওয়ার্কশপে এক দুর্ধর্ষ চুরির চেষ্টা নস্যাৎ করে দিয়েছে নিরাপত্তা দায়িত্বে থাকা আনসার সদস্যরা। বিকেলে চোর চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করা হয়। তবে আটক করার মুহূর্তে চোরের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন অঙ্গীভূত আনসার বাহিনীর একজন পিসি।
সোমবার বিকাল আনুমানিক চারটার দিকে টিএন্ডটি তারভান্ডার ওয়ার্কশপে নিয়মিত টহলে ছিলেন আনসার সদস্যরা। পিসি মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে এই টহল দলে ছিলেন আনসার সদস্য মোঃ মনোয়ারুল ইসলাম, মোঃ আবুল কালাম এবং মোঃ রওশন।
টহল দেওয়ার সময় হঠাৎ করেই দুই ব্যক্তির সন্দেহজনক ঘোরাঘুরি তাদের নজরে আসে। কোনো তাড়াহুড়ো না করে দূর থেকে তাদের ওপর কড়া নজরদারি রাখছিলেন আনসার সদস্যরা।
একপর্যায়ে ঐ দুই ব্যক্তি লোহা কাটার বড় কাঁচি ও ধারালো ব্লেড দিয়ে ওয়ার্কশপের তালা কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করে। ঠিক তখনই চারদিক থেকে ঘিরে ফেলে সাগর ও শিপন নামে দুই চোরকে হাতেনাতে ধরে ফেলে আনসার টহল দল। আটকের পর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি বড় রেঞ্জ, ১টি লোহা কাটার ব্লেড ও ১টি লোহা কাটার বড় কাঁচি।
তল্লাশির এক পর্যায়ে চোর চক্রের মূল হোতা সাগর আচমকা নিজের কাছে থাকা ভারী লোহার সরঞ্জাম দিয়ে আনসার সদস্যদের ওপর হামলা চালায়। তাকে নিয়ন্ত্রণে নিতে গিয়ে গুরুতর আহত হন পিসি মোঃ জহিরুল ইসলাম। লোহার আঘাতে তার দুই পা কেটে রক্তাক্ত জখম হয়। ঘটনার পরপরই তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আটককৃত দুই চোর কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে।পুলিশে সোপর্দ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। পেশাদারিত্ব ও সাহসিকতার সাথে সরকারি সম্পদ রক্ষা করায় আনসার সদস্যদের ধন্যবাদ জানিয়েছে টিএন্ডটি তারভান্ডার ওয়ার্কশপ কর্তৃপক্ষ। আনসার সদস্যদের এই তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ না থাকলে আজ জাতীয় সম্পদের বড় ক্ষতি হতে পারত।
দেশব্যাপী গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক তৎপর রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা।