
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় দেবহাটার বহেরা বাজারে মরহুমের মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে বুধবার সন্ধ্যার পর অসুস্থতাজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদার দেবহাটা উপজেলার বহেরা গ্রামের মৃত শামসুল হক সরদারের ছেলে। তিনি আশাশুনি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। কর্মস্থলে থাকা অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে পড়লে তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে বুধবার রাতেই তাঁর মরদেহ দেবহাটার বহেরা গ্রামে পৈতৃক বাসভবনে নিয়ে আসা হয়।
বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় সালাম প্রদান ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। সাতক্ষীরা পুলিশ লাইনের এসআই (সশস্ত্র) মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় সালাম জানায়।
মরহুমকে শেষ শ্রদ্ধা ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, কুলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নুর মোহাম্মদ, ডেপুটি কমান্ডার জামাত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষকের এই প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।