
প্রদীপ চন্দ্র সাহা, ক্রাইম রিপোর্টার।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল-গাজীরহাট প্রধান সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের দ্রুত রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রানিশংকৈল-গাজীরহাট মেইন রোড সংলগ্ন এলাকায় দ্রুতগামী দুটি মোটরসাইকেলের মধ্যে সরাসরি সংঘর্ষ ঘটে। এতে দুটি মোটরসাইকেলই দুমড়েমুচড়ে যায় এবং সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই আরোহী গুরুতর আহত হন। বিকট শব্দ শুনে আশপাশের স্থানীয় উৎসুক জনতা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো (রেফার্ড) হয়েছে। অন্য আহত ব্যক্তি বর্তমানে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন রয়েছেন।