
ঝাউডাঙ্গা প্রতিনিধি
ঝাউডাঙ্গার মোহনপুর গ্রাম থেকে একাধিক মাদক মামলার আসামি আব্দুল খালেক ওরফে ডন খালেক আটক হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) সকালে সাতক্ষীরা সদর থানা পুলিশ তাকে আটক করে। এ সময় পুলিশ তার বাড়িতে এলাকাবাসীদের সহযোগিতায় তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র, ৫০ পিস ইয়াবা, কয়েক বোতল নেশার ওষুধ সহ তার সাথে ইয়াবা ব্যবসায়ী এক নারীকে আটক করেছেন।
এর আগে সকালে স্থানীয় লোকজন মোহনপুর গ্রামের ডন খালেক এর বাড়িতে অচেনা এক নারীকে ঢুকতে দেখে। এ সময় তারা ঐ নারীকে ডন খালেকের ঘরে দরজা বন্ধ অবস্থায় দেখতে পেয়ে গ্রামের মাদক নির্মূল কমিটিকে খবর দেয়। মাদক নির্মূল কমিটি এসে তাদেরকে ঘর থেকে বের করে জিজ্ঞাসাবাদ করে। পরে সদর থানা পুলিশ এসে তার ঘর তল্লাশি করে অস্ত্র, মাদকদ্রব্য সহ আটককৃত ওই নারীকে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত আব্দুল খালেক এর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একাধিক মাদকের মামলা আছে।
এছাড়াও ডন খালেককে সপ্তাহ খানেক আগে এলাকার মাদক নির্মূল কমিটি দেশীয় অস্ত্র, ইয়াবা সহ আটক করেন। তার কাছ থেকে লিখিত মোসলেকা নেন, তিনি আর কখনো এসব কাজ করবেন না। তিনি ভালো হয়ে যাবেন। তারপরেও এমন ঘটনায় এলাকাবাসীর মনে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। এই ডন খালেক এলাকার কয়েকজকে প্রকাশ্যে খুন করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এসব বিষয়ে এলাকাবাসী প্রশাসনের কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।