1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

জেলে কার্ডের চাল আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ কৈখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের মানববন্ধন

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারি জেলে কার্ডের চাল বিতরণ, ভিজিএফ চাল আত্মসাৎ ও সীমাহীন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) সকালে কৈখালী ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় মৎস্যজীবী, ভুক্তভোগী ও সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রকৃত জেলেরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। চেয়ারম্যান শেখ আব্দুর রহিম প্রকৃত মৎস্যজীবীদের চাল না দিয়ে তাঁর নিজস্ব সিন্ডিকেট ও পছন্দের লোকজনকে চাল পাইয়ে দিচ্ছেন। প্রতিবাদ করলে স্থানীয় সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।

বিক্ষুব্ধ জনতা ও স্থানীয় বক্তারা জানান, এটিই প্রথম নয়; এর আগেও পবিত্র ঈদুল ফিতরের ভিজিএফ চাল বিতরণের সময় ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করেছেন এই চেয়ারম্যান। সে সময় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে তাঁর দুর্নীতির খবর প্রকাশিত হলেও অদৃশ্য ইশারায় তিনি পার পেয়ে যান। জেলা ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, “তিনি বারবার অপরাধ করেও পার পেয়ে যাচ্ছেন, যার ফলে তাঁর দুর্নীতির মাত্রা দিন দিন বেড়েই চলেছে।”
এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের বিরুদ্ধে এলাকায় চোরাকারবারিদের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আয়োজিত এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ভুক্তভোগী প্রতিনিধিরা। সমাবেশে বক্তব্য রাখেন
মাহবুব আজাদ খোকন, সাবেক সাধারণ সম্পাদক, কৈখালী ইউনিয়ন বিএনপি।
আনিসুজ্জামান আনিস, যুগ্ম আহ্বায়ক, শ্যামনগর উপজেলা যুবদল।
এসরাত আলী এশার, সভাপতি, কৈখালী ২ নং ওয়ার্ড বিএনপি।
সিরাজুল ইসলাম সিরাজ, সভাপতি, কৈখালী ৫ নং ওয়ার্ড বিএনপি।
ইশার খোকন, সাধারণ সম্পাদক, কৈখালী ২ নং ওয়ার্ড বিএনপি।
আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক, কৈখালী ২ নং ওয়ার্ড বিএনপি।
হারুন আর রশিদ, সভাপতি, ২ নং ওয়ার্ড যুবদল।
স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম।
ভুক্তভোগী জেলে বাউয়ালদের পক্ষে রুহুল আমিন সরদার ও আনজিরা খাতুন।
বক্তারা তাঁদের বক্তব্যে অবিলম্বে এই দুর্নীতিবাজ চেয়ারম্যানের অপসারণ দাবি করেন এবং প্রকৃত উপকারভোগী জেলেদের মাঝে চাল বিতরণের জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

মানববন্ধন থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) এবং শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করেন, সরকারি চাল চুরির মতো জঘন্য অপরাধের সুষ্ঠু তদন্ত করে এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত