
কালিগঞ্জ, উপজেলা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু-সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং কৃষকদের উৎপাদন ও বাজারব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার নওয়াবেঁকীতে গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এ সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সভায় সভাপতিত্ব করেন এনজিএফের পরিচালক মো. আলমগীর কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর ডেভিড গোমেজ, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, সমাজসেবা কর্মকর্তা শাকিব আহমেদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, আইসিটি কর্মকর্তা হেমেন্দ্র নাথ মণ্ডল, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা।
সভায় স্বাগত বক্তব্য দেন এস. এম. মাহবুব আলম। প্রকল্পের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন শেখ তারিকুল ইসলাম। উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন মনিরা সুলতানা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি খাত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ পরিস্থিতিতে টেকসই ও জলবায়ু-সহনশীল কৃষি প্রযুক্তির সম্প্রসারণ সময়ের দাবি। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি, বাজারসংযোগ উন্নয়ন এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় প্রকল্পের সফল বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, কৃষক এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।