কক্সবাজারে বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি ফয়সালসহ আটক ২

নজরুল ইসলাম খোকন, টেকনাফ, কক্সবাজার
কক্সবাজার শহরের আলীর জাহাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ টাকা, ছুরি ও দুটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে আলীর জাহাল এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে আটক হন ফয়সাল আক্তার ও জাহিদ হাসান।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, দুটি দেশীয় অস্ত্র, দুটি ধারালো ছুরি এবং নগদ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে নাম্বারবিহীন দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মাদক ও সন্ত্রাসবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আটককৃতদের মধ্যে ফয়সাল আক্তার কক্সবাজার শহরের ৩ নম্বর ওয়ার্ডের এন্ডারসন রোড এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। অপর আটক ব্যক্তি জাহিদ হাসানও কক্সবাজার শহরের বাসিন্দা।
পুলিশের দাবি, কক্সবাজারে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া আলামত জব্দ করে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
পুলিশের এ অভিযানে অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।