
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সঙ্গে শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারীর এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সোমবার দুপুর ১২টায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী।
সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস. কে. সিরাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক জি. এম. ইয়াসিন আরাফাত।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, তোফাজ্জল হোসেন ও খান আব্দুল সবুর, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, কোষাধ্যক্ষ জি. এম. রাজু আহমেদ এবং সদস্যবৃন্দ—রাই হানুল ইসলাম রায়হান, নুরুল হুদা ফায়েজী, সেলিম হোসেন, হযরত আলী শান্ত, জিল্লুর রহমান, রাইসুল মিথুন, আলতাব হোসেন ও আজমীর হোসেনসহ অন্যান্য সদস্যরা।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী মাদক, ইভটিজিং, চোরাচালান, দুর্নীতি ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সমাজকে অপরাধমুক্ত রাখতে সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।” তিনি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতার মাধ্যমে অপরাধ দমন এবং জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সভা শেষে সাংবাদিক ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সুসম্পর্ক এবং সমন্বয় বজায় রেখে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।