
কক্সবাজার,নিজস্ব প্রতিবেদক:
সাম্প্রতিক টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় অসংখ্য পরিবার খাদ্য, বিশুদ্ধ পানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করছে।
কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় সংস্থাটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সদর ইউনিয়ন,হ্নীলা ইউনিয়ন, উখিয়া, চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়া এলাকায় জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। এ কার্যক্রমের আওতায় ১০০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও জরুরি সহায়তা বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, শুকনো খাবার, তেল, চিড়া, চিনি, ওর স্যালাইন, বিশুদ্ধ পানীয় জলসহ পরিবারের জরুরি প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ। কোস্ট ফাউন্ডেশনের কর্মকর্তাগণ, কর্মী ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টা এবং স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দের সহযোগিতায় প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল্লাহ, অর্থ সম্পাদক জেলা বিএনপি, টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, উখিয়া রাজা পালং এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহেদ রোমান, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আনসারী, বিশেষ কৃতজ্ঞতা কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার ইনচার্জ এর প্রতি। বিশেষ কৃতজ্ঞতা উখিয়া উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার এর প্রতি সরাসরি উপস্থিত থেকে ত্রাণ বিতরণে অংশগ্রহণের জন্য। উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম, আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী মোঃ আয়ুব আলী, সংশ্লিষ্ট এলাকা ব্যবস্থাপকবৃন্দ, শাখা ব্যবস্থাপকবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন।
কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন,
“দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। দুর্যোগের এই কঠিন সময়ে কোনো পরিবার যেন অনাহারে না থাকে, সে লক্ষ্যেই আমরা জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে পুনর্বাসন ও জীবিকা পুনরুদ্ধারে কোস্ট ফাউন্ডেশন কাজ করে যাবে।”