
লামা (বান্দরবান) প্রতিনিধি:
টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের ভয়াবহতায় যখন বান্দরবানের লামা উপজেলার বিভিন্ন এলাকার মানুষ দুর্ভোগে দিন কাটাচ্ছেন, ঠিক সেই সংকটময় সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সমাজসেবক, ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং ইয়াংছা বাজার সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুল হামিদ।
সম্প্রতি লামা উপজেলার ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা ৮ নং ওয়ার্ডের হিমছড়ি এলাকায় ভয়াবহ পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেন ও বেলালের বাড়ি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান দুর্দশা, বসতঘরের ক্ষয়ক্ষতি এবং জীবন-জীবিকার সংকটের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে নিজের ব্যক্তিগত উদ্যোগে দুই পরিবারের হাতে খাদ্য সামগ্রী এবং আর্থিক সহায়তা তুলে দেন আব্দুল হামিদ। পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং অন্য বিত্তবান ও মানবিক ব্যক্তিদেরও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ কারও জন্য অপেক্ষা করে না। এমন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিকতা নয়, এটি আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবান ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিত্তবানদের উচিত অসহায় পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়ে তাদের পুনর্বাসনে সহযোগিতা করা।
স্থানীয়রা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ধসের কারণে আনোয়ার হোসেন ও বেলালের বসতবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কের মধ্যে পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। ঘরবাড়ি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় তারা ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আব্দুল হামিদের এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে কেউ তাদের খোঁজ নেবে, এমন আশা তারা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু আব্দুল হামিদ সরাসরি বাড়িতে এসে খোঁজখবর নেওয়া ও আর্থিক সহায়তা প্রদান করায় তারা নতুন করে সাহস ও আশার আলো দেখতে পেয়েছেন।
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ভিত্তিতে পুনর্বাসন, নিরাপদ আবাসন এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি পাহাড়ধসপ্রবণ এলাকাগুলোতে ঝুঁকি নিরূপণ করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।