চট্টগ্রামের হাটহাজারীতে র্যাব-৭ এর অভিযান: ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, নোহা গাড়ি জব্দ

নজরুল ইসলাম খোকন,টেকনাফ, কক্সবাজার
চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, একজন মাদক কারবারিকে আটক এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থানার একটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-৭ এর একটি আভিযানিক দল। অভিযানের সময় একটি সন্দেহভাজন নোহা গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের সঙ্গে জড়িত একজন মাদক কারবারিকে আটক করা হয়।
উদ্ধারকৃত ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত নোহা গাড়িটিও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল বলে তথ্য পাওয়া গেছে। র্যাব বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং এর সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব-৭ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। ইয়াবাসহ সকল ধরনের মাদকদ্রব্যের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।