
শহিদুল ইসলাম, সাতক্ষীরা জেলা
সাতক্ষীরা সদর উপজেলায় দিনে-দুপুরে প্রকাশ্যে ভেকু (এস্কেভেটর) মেশিনের ব্যাটারি চুরির সময় সাগর (২০) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। আজ (৮ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আটক সাগর উপজেলার মাছখোলা গ্রামের মনসুর সাংবাদিকের বাড়ির ভাড়াটিয়া ও ভাস্কুলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘবদ্ধ একটি চোর চক্রের তিন সদস্য দিনে-দুপুরে প্রকাশ্যে একটি ভেকু মেশিনের মূল্যবান ব্যাটারি চুরি করার চেষ্টা করছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ধাওয়া করে সাগর নামের ওই চোরকে মালামালসহ হাতেনাতে ধরে ফেলে। তবে জনগণের উপস্থিতি টের পেয়ে সাগরের সাথে থাকা অন্য দুই সহযোগী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
আটকের পর স্থানীয়দের জিজ্ঞাসাবাদে সাগর নিজের অপরাধ স্বীকার করে এক চাঞ্চল্যকর তথ্য দেয়। সে জানায়, তার একটি নির্দিষ্ট চোর চক্র বা ‘গ্রুপ’ রয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় সক্রিয়। সাগর নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে জানায়, এর আগে তারা জেলার প্রায় ৩০ থেকে ৪০টি স্থানে প্রতিনিয়ত এই ধরনের চুরি সংঘটিত করেছে।
ভেকু মেশিনের ব্যাটারি চুরির সময় হাতেনাতে আটক সাগরের স্বীকারোক্তি— “আমরা একটি নির্দিষ্ট গ্রুপ মিলে সাতক্ষীরার প্রায় ৩০ থেকে ৪০টি জায়গায় প্রতিনিয়ত চুরি করেছি।”
এদিকে ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা আটক চোরকে গণধোলাই না দিয়ে সরাসরি সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) বুলবুল সংবাদমাধ্যমকে জানান, স্থানীয় জনতা চুরির মালামালসহ এক যুবককে থানায় সোপর্দ করেছে। চুরির ঘটনার সাথে জড়িত পলাতক বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এই ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটককৃতের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।