
নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বোরো ধানক্ষেতে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সুবোধ মন্ডল (৬০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চাঁদপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুবোধ মন্ডল চাঁদপুর গ্রামের মৃত ধীরেন্দ্র মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোরো ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় তা দমনে নিজের ক্ষেতের চারপাশে চিকন জিআই তার দিয়ে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ফাঁদ পেতেছিলেন সুবোধ মন্ডল। শনিবার রাতে তিনি ও তার ছোট ভাই একসাথে ধানক্ষেত তদারকি করতে যান।
তদারকি শেষে বাড়ি ফেরার পথে ছোট ভাই কিছুটা সামনে এগিয়ে যান। কিছুক্ষণ পর পেছনে তাকিয়ে বড় ভাইকে দেখতে না পেয়ে তিনি পুনরায় ক্ষেতের দিকে ফিরে আসেন। সেখানে গিয়ে তিনি দেখতে পান, নিজের পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে অচেতন অবস্থায় পড়ে আছেন সুবোধ মন্ডল।
পরে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন। তিনি এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একইসঙ্গে তিনি ভবিষ্যতে এ ধরণের ঝুঁকিপূর্ণ ও প্রাণঘাতী পদ্ধতি ব্যবহার করে ইঁদুর দমন না করার জন্য উপজেলার সকল কৃষকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা কৃষিকাজে নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।