1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

নিয়োগ বাণিজ্য ও নৈতিক স্খলন কাটুনিয়া রাজবাড়ী কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহাব চূড়ান্ত বরখাস্ত

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাটুনিয়া রাজবাড়ী কলেজের বহুল আলোচিত ও বিতর্কিত অধ্যক্ষ আব্দুল ওয়াহাবকে চূড়ান্তভাবে বরখাস্ত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়োগ বাণিজ্য, আর্থিক অনিয়ম এবং নৈতিক স্খলনসহ বিভিন্ন গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এই কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গত ৯ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাছিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আব্দুল ওয়াহাবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ তদন্ত প্রক্রিয়ায় তাঁর বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অনিয়মের সত্যতা মিলেছে:

শিক্ষক ও কর্মচারী নিয়োগের নামে প্রার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া, কলেজের নিজস্ব তহবিল থেকে অর্থ আত্মসাৎ ও প্রাতিষ্ঠানিক হিসাবে ব্যাপক গরমিল, একাধিক নারীঘটিত বিতর্কিত ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হওয়া, পদের প্রভাব খাটিয়ে সহকর্মীদের হয়রানি ও কলেজে একক আধিপত্য কায়েম।

তদন্ত প্রতিবেদনে এসব অভিযোগের প্রমাণ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তাঁকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

 

কালিগঞ্জের পীরগাজন গ্রামের মৃত সোলায়মান গাজীর ছেলে আব্দুল ওয়াহাবের বিরুদ্ধে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ ছিল দীর্ঘদিনের। স্থানীয়দের দাবি, এমনকি নিজ এলাকা রতনপুর ইউনিয়নের সাতালিয়ায় এক প্রবাসী জামাতার মৎস্য ঘের জোরপূর্বক দখলের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

অধ্যক্ষের বরখাস্তের খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে আসে। অনেক স্থানে সাধারণ মানুষকে মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে। স্থানীয় এক অভিভাবক বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের যদি নৈতিক চরিত্র ঠিক না থাকে, তবে সেখানে সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ নয়। এই সিদ্ধান্ত আরও আগে আসা উচিত ছিল।”

 

বরখাস্তের আদেশের পরপরই কাটুনিয়া রাজবাড়ী কলেজ কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়

“এখন থেকে আব্দুল ওয়াহাবের সঙ্গে কলেজের কোনো ধরণের প্রশাসনিক বা একাডেমিক সম্পর্ক থাকবে না। তাঁর কলেজে প্রবেশ এবং প্রতিষ্ঠানের কোনো কর্মকাণ্ডে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”

কলেজের পরিচালনা পর্ষদ জানিয়েছে, প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, ‘পঞ্চ পাণ্ডব’ হিসেবে পরিচিত আব্দুল ওয়াহাবের এই পতন দুর্নীতিগ্রস্ত শিক্ষা কর্মকর্তাদের জন্য একটি কঠোর সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত